২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তি পরীক্ষা: ‘প্রশ্ন-প্রতারণায়’ গ্রেপ্তার ১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে প্রতারণায় জড়িত সন্দেহে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 04:13 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন শুক্রবার ভোররাত থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- মো. জোবায়ের হোসেন, মো. সাজু আহমেদ, মো. মাহমুদুল হাসান, সামিউল ইসলাম, ছাব্বির হোসেন, মো. হাসানুর রশিদ, মো. মেহেদী হাসান, মো. হৃদয় ইসলাম, মো. রায়হান রাব্বি, মো. আকাশ আহম্মেদ, মো. তানভীর, মো. সবুজ খান, মো. সোহাগ, মেহেদী হাসান, মো. আকিব বিন বারি, মো. নাহিদুল হক ও মো. মানিক মিয়া।

পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে উপ-কমিশনার শেখ নাজমুল আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের শিক্ষার্থীদের দেওয়া তথ্যে রাজধানীর ফার্মগেইট এলাকা থেকে প্রথমে জোবায়ের হোসেনকে আটক করা হয়।

এরপর তার দেওয়া তথ্যে, ধোলাইখাল ও তেজগাঁও এলাকা থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা নাজমুল বলেন, “গ্রেপ্তাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে ভর্তিচ্ছুদের সঙ্গে তিন থেকে পাঁচ লাখ টাকার চুক্তি করেছিল। চুক্তির অংশ হিসেবে তারা ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদও জমা রেখেছিল।”

‘এমএলএম পদ্ধতিতে প্রতারণা’

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘প্রতারকরা’ শর্ত দেওয়া হয়েছিল- কেউ যদি প্রশ্ন কেনার জন্য আরও পাঁচ জনকে এনে দিতে পারে তাহলে তাকে টাকা ছাড়াই প্রশ্ন দেওয়া হবে।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারদের মধ্যে নাহিদুল ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী, আকিব বিন বারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং আকাশ আহম্মেদ পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

এই তিন জন প্রতারণা চক্রের হোতা দাবি করে তিনি বলেন, “তাদের মোবাইল ফোন থেকে যেসব প্রশ্ন পাওয়া গেছে তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের মিল নেই।”

এই চক্রে জড়িত অন্যদের ব্যাপারে জানতে গ্রেপ্তারদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও জানান শাহজাহান।

সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান, উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম উপস্থিত ছিলেন।