জয়পুরহাটে জামায়াতের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নাশকতার পরিকল্পায় গোপন বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার নিকরদিঘী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জয়পুরহাটের পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের জামায়াত নেতা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী (৪০), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার আজিজ সরকারের ছেলে জামায়াতকর্মী আব্দুর রহমান গাজী (২৫) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সাতানা গ্রামের আবু তাহেরের ছেলে জামায়াতকর্মী ইমরান হোসেন (২২)।
এদের কাছ থেকে জিহাদী বই ও বিপুল লিফলেট উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এসপি বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঠেকাতে গোপন বৈঠকের সময় জিহাদী বই ও লিফলেটসহ ওই তিন জনকে আটক করেছে পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতাকর্মীরা পালিয়ে যায় বলে জানান তিনি।
