নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা সদর উপজেলায় তিন দিন আগে নিখোঁজ এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
নিহত শিহাব হোসেন (৯) সদর উপজেলার কুতুবপুর গ্রামের তমিজ উদ্দিন লাল্টুর ছেলে। কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত সে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে উপজেলার শিবপুর গ্রামের একটি ধানক্ষেতে শিহাবের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সরোজগঞ্জ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বুধবার বিকালে বদরগঞ্জ বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা শিহাবকে অপহরণ করেছিল বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। তবে মুক্তিপণের কোনো দাবি কেউ করেনি বলে জানান ওসি।
শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।
