২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আলু কুড়াতে গিয়ে’ ট্রাকচাপায় নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক থেকে পড়া ‘আলু কুড়াতে গিয়ে’ আরেক ট্রাকের চাপায় প্রাণ গেছে দুইজনের; আহত হয়েছেন আরও একজন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 11:05 AM

Updated : 12 Oct 2022, 04:20 PM

কালিহাতী থানার ওসি সাইফুল ইসলাম ফরাজী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজাহার (৩৫) ও জমেলা (৪৫)। জমেলার স্বামী বাদশাহ মিয়াকে (৫০) আহত অবস্থায় টাঙ্গাইল মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি মুলিয়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, একটি ট্রাক থেকে রাস্তায় আলু পড়তে দেখে গ্রামের লোকজন তা কুড়াতে যায়।

“এ সময় পেছন থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে তিনজন গুরুতর আহত হন।”

তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজাহার ও জমেলার মৃত্যু হয়।

দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি পালিয়ে গেছে বলে জানান ওসি।

এদিকে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে সকালে ওই বাড়িতে যাওয়ার পথে একই সড়কে একটি মাইক্রোবাসের ধাক্কায় আহত হয়েছেন জহুরা নামের এক বৃদ্ধ।

গুরুতর আহত হওয়ায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান।