সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে
স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলা সিলেট মহানগর হাকিম আদালত থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর হাকিম সাহেদুল করিম এ আদেশ দেন।
মহানগর পুলিশের সহকারী কমিশনার আবদুল আহাদ চৌধুরী জানান, স্কুলছাত্র সাঈদ হত্যা মামলায় বৃহস্পতিবার অভিযোগ গঠনের নির্ধারিত দিন ছিল।
“আগামী ৮ নভেম্বর অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করে দুপুরে আদালত মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দেন।”
মামলার বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে (৯) অপহরণের পর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
“এর তিনদিন পর নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকার একটি বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন শিশুর বাবা আব্দুল মতিন কোতোয়ালি থানায় মামলা করেন।”
গত ২৩ সেপ্টেম্বর চারজনের নামে অভিযোগপত্র দাখিল করা হয় বলেও জানান তিনি।
অভিযোগপত্রের আসামিরা হলেন, সিলেটে বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান, জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা ও মাহিব হোসেন মাসুম।
ওই চারজনের মধ্যে মাসুম পলাতক রয়েছেন। জেলহাজতে থাকা তিন জন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানান ওসি মোশাররফ।
