২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ ফের পেছাল

কারাবন্দী সব আসামি ও তাদের আইনজীবীরা আদালতে অনুপস্থিত থাকায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আবারও পিছিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 02:35 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

বৃহস্পতিবার সকালে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, সকাল ১১টায় দুই সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা থাকলেও আসামিরা হাজির না থাকায় বিচারক ৪ ও ৫ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ঠিক করে দেন।

আগের দিনও একই কারণে সাক্ষ্যগ্রহণ হয়নি বলে জানান তিনি।

কিশোর কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারাবন্দি ১৪ আসামির মধ্যে হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গৌছসহ পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য মামলায় হাজিরা দেওয়ার ও অসুস্থতার কারণে বাকিদের হাজির করা হয়নি।

“কিন্তু তাদের আইনজীবীরাও উপস্থিত না হওয়ায় সাক্ষ্যগ্রহণ করেনি আদালত।”

আলোচিত এ হত্যা মামলায় গত ৩০ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ১৭১ জন সাক্ষীর মধ্যে মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানসহ মাত্র চারজন এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

তিন দফা তদন্তের পর ২০১৪ সালের ২১ ডিসেম্বর সিলেটের মেয়র আরিফুল হক, গউছ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে মোট ৩২ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল।

হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ মামলাটি বিচারের জন্য গত ১১ জুন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।