ফেনী সীমান্তে ১১ লাখ ভারতীয় রুপিসহ বাংলাদেশি আটক
ফেনীর পরশুরামে সীমান্ত এলাকায় ১১ লাখের বেশি ভারতীয় রুপিসহ এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
আটক গিয়াস উদ্দিন (৪০) ছাগলনাইয়া উপজেলার বাথানিয়া গ্রামের শামছুল হকের ছেলে।
ফেনীর বিজিবি-৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ জুনাইদ আলম খান জানান, বুধবার রাতে পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরের কাছে মজুমদার হাট সীমান্ত ফাঁড়ির চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছে থেকে ১১ লাখ ১৩ হাজার ৩৫৫ ভারতীয় রুপিসহ ১৫০ ইউএস ডলার, ভারতীয় কসমেটিক্স ও বেশকিছু টাকা জব্দ করা হয়।
বিজিবি কর্মকর্তা আহমেদ জুনাইদ বলেন, বুধবার রাতে বিলোনিয়া স্থলবন্দরের কাছের সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ এক ব্যক্তি দেশে প্রবেশ করেছে খবর পেয়ে বিজিবির মজুমদার হাট সীমান্ত ফাঁড়ির চেকপোস্টে তল্লাশি চালায়।
বিজিবি কর্মকর্তা আহমেদ জুনাইদ বলেন, আটক গিয়াস মঙ্গলবার সকালে বিলোনিয়া সীমান্তের স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসার মাধ্যমে ভারতে যান। বুধবার বিকালের দিকে তিনি ভারতীয় রুপি নিয়ে স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে আত্মগোপনে ছিলেন।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি মজুমদার হাট সীমান্ত ফাঁড়ির চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করে।
জব্দ ভারতীয় রুপি আসল না নকল বিজিবি সেগুলো যাচাই বাছাই করছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ।
