ঢাকায় অর্ধকোটি টাকার ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
রাজধানীর শান্তিনগরের এক বাসায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার সন্ধ্যায় শান্তিনগরের শেলটেক রহমান ভিলার একটি ফ্ল্যাট থেকে তাদের ধরা হয় বলে র্যাব-৩ এর অপারেশন অফিসার রবিউল করিম জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তানিম হোসেন (২৪), মো. ফাকিম (৩০) এবং মো. রাশেদ ইসলাম ওরফে জিসান।
র্যাব কর্মকর্তা রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপি সরঞ্জামাদির মাধ্যমে বাংলাদেশ থেকে দেশের বাইরে টেলিযোগাযোগ ব্যবসা চালিয়ে আসছিল।”
ওই ফ্ল্যাট থেকে একটি ৬৪ পোর্টের মেশিন, দুটি ২৪ পোর্টের মেশিন, ২টি মনিটর, ১টি ল্যাবটপ, ৩টি কি বোর্ড, ১টি প্রিন্টার, ১৬৭টি টেলিটক সিম, ৩৫৫টি রবি সিম, ৩০টি এয়ারটেল সিম, ৫টি গ্রামীণফোনের সিম কার্ড, ২৫টি ইন্টারনেট পোর্ট, ১৫টি ক্রেডিট কার্ড, বিভিন্ন ব্যাংকের ১৬টি চেক বই পাওয়া গেছে বলে র্যাব জানায়।
