২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর ব্যবসায়ীকে ‘র‌্যাব পরিচয়ে অপহরণ’

ফেনীর এক তরুণ ব্যবসায়ীকে দশদিন আগে কক্সবাজার থেকে র‌্যাব পরিচয়ে অপহরণের অভিযোগ করেছেন স্বজনরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 08:19 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

বুধবার দুপুরে ফেনী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের আবেদন জানান প্রশাসনের কাছে।

‘অপহৃত’ জুলফিকার ইসলাম ডালিম (২৫) ফেনীর সোনাগাজী উপজেলার সুজাপুর গ্রামের আবদুল লতিফের ছেলে।

ডালিমের ভাই জহিরুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, গত ৭/৮ মাস ধরে ডালিম কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।

তার অভিযোগ, গত ১৯ অক্টোবর গভীর রাতে ওই ভাড়া বাড়ি থেকে র‌্যাব পরিচয় দিয়ে একদল লোক চোখ বেঁধে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

ঘটনার পর র‌্যাব ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়ে একাধিকবার ধরণা দিলেও গত ১০ দিনে তারা ডালিমের সন্ধ্যান দিতে পারেনি বলে জানান জহিরুল।

জহিরুল বলেন, তার ভাই চাকরির সুবাধে রাজধানীর মিরপুর থাকার সময় সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত মেজরের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান।

“এক পর্যায়ে দুই পরিবারের অগচোরে ২০১৪ সালের ৩০ মার্চ তারা বিয়ে করেন।”

সম্প্রতি তাদের বিয়ের বিষয়টি জানাজানির পর মেয়েটির বাবা ডালিমকে বেশ কয়েকবার ফোনে হত্যা করে লাশ গুমের হুমকি দেন বলে জহিরুল অভিযোগ করেন।

তিনি জানান, ডালিমকে অপহরণের তিন দিন পর ২২ অক্টোবর তাদের মা জোসনা আরা বেগম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এমএম মতিউর রহমান, তার স্ত্রী ইফাত হালিমা রানা ও মেয়ে তাসনিম তাবাসসুম মীমের নামে অপহরণ মামলা করেছেন।

সংবাদ সম্মেলনে জুলফিকার ইসলাম ডালিমের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ডালিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।