২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী বৈমানিক পেল সেনাবাহিনী

বাংলাদেশে নারী বৈমানিক আগেই পাওয়া গেলেও সেনাবাহিনীতে এবারই প্রথম ফ্লাইট পরিচালনা করলেন দুজন নারী শিক্ষানবিশ পাইলট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 08:18 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন ও ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার বুধবার ঢাকার তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপে সেসনা ১৫২ এ্যারোপেক প্রশিক্ষণ বিমান নিয়ে উড়েন।

তারা একক ও দ্বৈত ফ্লাইট পরিচালনা করেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, নাজিয়া নুসরাত হোসেন ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ৬১তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন।

ইঞ্জিনিয়ার্স কোরের কোর্স শেষে গত বছরের ১৬ নভেম্বর আর্মি এভিয়েশন বেসিক কোর্স-৯ এ যোগ দেন তিনি।

উড্ডয়ন দক্ষতা প্রমাণে গত ১৮ জুন প্রথম একক উড্ডয়ন সম্পন্ন করেন নাজিয়া।

অন্যদিকে ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ৬১তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরে কমিশন লাভ করেন।

অর্ডন্যান্স কোরের কোর্স শেষে গত বছরের ১৬ নভেম্বর আর্মি এভিয়েশন বেসিক কোর্স-৯ এ যোগ দিয়ে গত ৩০ জুন প্রথম একক উড্ডয়ন সম্পন্ন করেন শাহরিনা।

আইএসপিআর বলছে, “বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো মহিলা পাইলট সংযোজন একটি নতুন দিগন্তের সূচনা করবে।”

এই দুই নারী পাইলট বাংলাদেশের নারীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র উড্ডয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘আর্মি এভিয়েশন’ ১৯৭৮ সালের ১ জানুয়ারি থেকে সেনা পাইলটদের প্রশিক্ষণ দিয়ে আসছে।

গত বছরের ১৬ নভেম্বর প্রথমবারের মত প্রতিষ্ঠানটিতে দুজন নারী পাইলটের প্রশিক্ষণ শুরু হয়।