পৌনে ৫ লাখে ঢাবির প্রশ্নপত্র দেওয়ার চুক্তি, আটক ২
প্রায় পৌনে পাঁচ লাখ টাকার বিনিময়ে এক শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার চুক্তি করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রাশসন।
আটকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগ ও জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী জয়দেব নাথ দত্ত ও তার বন্ধু পার্থ প্রদীপ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বুধবার দুপুরে জগন্নাথ হল থেকে তাদের আটক করে বলে ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানান।
তাদের বিরুদ্ধে এক ভর্তিচ্ছুর সঙ্গে ৪ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষার আগে প্রশ্নপত্র দেওয়ার চুক্তি করার অভিযোগ রয়েছে।
আটকদের শাহবাগ থানায় দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে প্রক্টর জানিয়েছেন।
