২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশুর নদীতে কার্গো ডুবি: বন বিভাগের মামলা, তদন্ত কমিটি

বাগেরহাটে সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনায় জাহাজের মালিক ও মাস্টারের বিরুদ্ধে মামলা হয়েছে, যাতে এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে বন বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 06:35 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

বুধবার সুন্দরবন পূর্ব বিভাগের পক্ষ থেকে মংলা থানায় মামলা দায়েরের পর কার্গো মাস্টার বুলু কাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ওসি শেখ লুৎফুর রহমান জানিয়েছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাঈদুল ইসলাম জানান, চাঁদপাই স্টেশনের বনকর্মী মিজানুর রহমান বাদী হয়ে কার্গো মালিক দিল খান ও মাস্টারের বিরুদ্ধে এই মামলা করেন।

পাশাপাশি কার্গো ডুবির ঘটনায় বনের উপর প্রভাব ও প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরুপণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেনকে প্রধান করে গঠিত এ কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ডিএফও সাঈদুল।

মঙ্গলবার রাত ৮টার দিকে সুন্দরবনের বিউটি মার্কেট এলাকায় খাদ্য গুদামের সামনে পশুর নদীতে এমভি জি আর রাজ নামের ওই জাহাজ ডুবে যায়। মংলা বন্দরের হারবারিয়া-১ থেকে ৫১০ টন কয়লা নিয়ে যশোরের উদ্দেশে রওনা হয়েছিল জলযানটি।

কার্গোর মালিক পক্ষ বলছে, মঙ্গলবার বিকালে জাহাজটি জয়মনি এলাকায় ডুবোচরে আটকে পড়ে। রাত সাড়ে ৮টার দিকে জোয়ারের সময় ডুবোচর থেকে কার্গো সরানোর সময় তলা ফেটে জাহাজটি ডুবে যায়।

মাস্টার ও নাবিকরা এ সময় সাঁতরে তীরে ওঠেন।

মংলার ওসি লুৎফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমভি রাজের নয় নাবিককে মংলা সমুদ্র বন্দরের জয়মনি এলাকায় ঘোল নৌ-টহল ফাঁড়িতে রাখা হয়েছে। আর কার্গো মাস্টারকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজ উদ্দিন আহমেদ, বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. সাঈদুল ইসলাম ও মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আলী প্রিন্সসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার হাসান বলেন, “কয়লা বোঝাই কার্গোটি পশুর চ্যানেলে জাহাজ চলাচল এলাকার বাইরে ডুবেছে। তাই বন্দরে জাহাজ আসা-যাওয়ায় সমস্যা হচ্ছে না। দ্রুত জাহাজটি সরিয়ে নিতে বলা হয়েছে।

একটি বেসরকারি প্রতিষ্ঠান বৃহস্পতিবার থেকে জাহাজটি উদ্ধারে কাজ শুরু করবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জাহাজ মালিক দিল খান।

পশুর নদীর পশ্চিম পাড়ে রামপাল উপজেলার সাপমারি-কাটাখালী এলাকায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতায় কয়েকটি সংগঠনের আন্দোলনের মধ্যেই কার্গোডুবির এ ঘটনা ঘটল।

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, “এ ঘটনাকে ছোট করে দেখার সুযোগ নেই। সুন্দরবনের প্রাণবৈচিত্র্যের ওপর এর প্রভাব পড়বেই।”

তিনি বলেন, “আগামীতে রামপালে তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হলে এই নৌ-পথে কয়লা পরিবহন বহুগুণ বাড়বে। তখন এ ধরনের দুর্ঘটনার আশঙ্কাও বাড়বে। আমরা পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করব।"