২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে অপহৃত শিশু উদ্ধার ঢাকায়

মাদারীপুর থেকে অপহরণের ১৭ দিন পর এক শিশুকে ঢাকায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 05:48 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

বুধবার দুপুরে মাদারীপুরের পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

রাজধানীর উত্তরা থেকে মঙ্গলবার রাতে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।

উদ্ধার রাসেল বেপারী অনিক (১১) মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট আলিয়া মাদ্রাসার ছাত্র।

এসপি জানান, গত ১১ অক্টোবর টেকেরহাট আবাসিক এলাকা থেকে অনিককে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তার পরিবারের কাছে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে ঢাকার উত্তরা থেকে অপহৃত অনিককে উদ্ধার এবং তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তার হয়েছেন রাকিব শেখ (১৮), কবির শেখ (৩৮) ও নজরুল ইসলাম পাটোয়ারী (৩৬)।