রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
রাজধানীর বনানী থানার ওয়ারলেস গেইট এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ঝুমুর আক্তারের (২৮) বাড়ি পটুয়াখালী জেলায়। স্বামী মিজানুর রহমান ও দুই মেয়ে নিয়ে তিনি ওয়ারলেস গেইট এলাকার একটি বাসায় থাকতেন।
তাকে হত্যা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগের ভিত্তিতে তার স্বামী মিজানুরকে আটক করা হয়েছে বলে বনানী থানার এসআই রফিজ উদ্দিন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই বাসার ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
“সকালে ওই বাসার টয়লেটের উপরে থাকা অ্যাংকেলের সঙ্গে কাপড় পেঁচিয়ে ঝুমুর আত্মহত্যা করেছেন বলে তার স্বামী দাবি করেছেন। তবে নিহতের স্বজনদের দাবি, মিজানুর তাকে হত্যা করেছেন।”
স্বজনদের অভিযোগ থাকায় মিজানুরকে আটক করা হয়েছে জানিয়ে এসআই বলেন, নিহতের দুই হাত, পিঠ ও গলায় কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিজানুর আরেকটি বিয়ে করে তার বোনকে হত্যা করেছে বলে দাবি করেছেন নিহতের মামাতো ভাই এনায়েত হোসেন।
তিনি হাসপাতাল মর্গে সাংবাদিকদের বলেন, “মিজানুর গোপনে আরেকটি বিয়ে করায় তাদের সংসারে অশান্তি লেগেই থাকে। এ নিয়ে প্রায়ই ঝুমুরকে মারধর করত তার স্বামী।”
“ঝুমুরকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়েছে সে।”
