২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৌদ্ধ নিদর্শনে পর্যটন বিকাশের তাগিদ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বৌদ্ধ ধর্মের সুপ্রাচীন ও সমৃদ্ধ ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐতিহ্যের সঙ্গে পর্যটনের সংযোগ স্থাপনের তাগিদ দিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 02:08 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বৌদ্ধ পর্যটন সার্কিট উন্নয়ন’ বিষয়ক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, তার সরকার দেশি-বিদেশি বিভিন্ন ফোরামের সঙ্গে বাংলাদেশকে পর্যটনের অন্যতম গন্তব্য হিসাবে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।

এই সম্মেলনের মধ্য দিয়ে এ অঞ্চলের দেশগুলোর প্রতিনিধিরা পর্যটন শিল্পের উন্নয়ন ও প্রসারে একটি ‘রোডম্যাপ’ তৈরি করবেন এবং তা বাস্তবায়নে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সহায়তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দেশে প্রথমবারের মত এই সম্মেলনের আয়োজন করেছে।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার মহাপরিচালক তালেব রিফাই, প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মারিও হার্ডিসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও পর্যটন সংশ্লিষ্টরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের হাজার বছরের বৌদ্ধ সংস্কৃতির কথা তুলে ধরে শেখ হাসিনা এ অঞ্চলের বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটন বিকাশে সবাইকে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, “বৌদ্ধ সম্প্রদায়ের প্রাচীনকালের নান্দনিক স্থাপত্যকলা বাংলাদেশের সমৃদ্ধ পর্যটনের ইতিহাসের এক বিশেষ অধ্যায়। এ ইতিহাস আড়াইহাজার বছরব্যাপী বিস্তৃত। জনশ্রুতি রয়েছে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গৌতম বুদ্ধ এদেশে আগমন করেন। তিনি প্রায় তিন মাস অবস্থান ও ধর্মপ্রচার করেন।”

পরবর্তীতে সম্রাট অশোকের শাসনামলে বিহার, মূর্তি ও স্তম্ভ নির্মাণ, সম্রাট কণিষ্কের সময়ে বৌদ্ধধর্মের প্রসার, পঞ্চম থেকে সপ্তম শতকে চীনা পরিব্রাজকদের এদেশে আগমন এবং অষ্টম থেকে দ্বাদশ শতক পর্যন্ত পাল রাজত্বকালে বাঙালির জীবন ও সংস্কৃতিতে বৌদ্ধধর্মের গভীর প্রভাবের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

তিনি পর্যটনের বিকাশে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এবং  জাতীয় পর্যটন নীতিমালা ঘোষণা, ৬০টিরও বেশি দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু, ট্যুরিস্ট পুলিশ প্রতিষ্ঠা এবং ২০১৬ সালকে পর্যটনবর্ষ ঘোষণার কথা বলেন।

শেখ হাসিনা জানান, আন্তর্জাতিক ক্রুজেও বাংলাদেশকে সম্পৃক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অভ্যন্তরীণ নৌ-পর্যটনের পাশাপাশি আন্তর্জাতিক বা আঞ্চলিক নৌ-পর্যটনে বাংলাদেশকে সম্পৃক্ত করতে ভারতের সঙ্গে বাংলাদেশের নৌ-প্রটোকলে যাত্রী পরিবহনের বিষয়টি অন্তর্ভুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পর্যটকসহ যাত্রী ও মালামাল পরিবহনের জন্য সম্প্রতি বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) ‘মোটর ভেহিকেল এগ্রিমেন্ট’ (এমভিএ) চুক্তি স্বাক্ষর করেছে বলেও জানান তিনি।