২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাত খুন মামলার প্রধান আসামি নুর হোসেনের ভাতিজা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদের সমর্থকদের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 01:55 AM

Updated : 22 Aug 2022, 01:40 PM

হামলার প্রতিবাদে তোফায়েলের সমর্থকরা অবরোধ করলে সোমবার রাতে আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে দুই পক্ষের সংঘর্ষে তোফায়েল আহম্মেদসহ ৫ জন আহত হয়। তোফায়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েচে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউন্সিলর শাহজালাল বাদল ও তোফায়েল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

“দুই পক্ষই পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

কাউন্সিলর শাহজালালের সমর্থক ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি সেলিম খান বলেন, তোফায়েল দলবল নিয়ে শাহজালাল বাদলের রসুলবাগের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির সামনের অফিসের আসবাবপত্র ভাংচুর ও জানালার গ্লাস ভাংচুর করে। ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েক রাউন্ড গুলিবর্ষণও করে।

অন্যদিকে তোফায়েলের অনুসারী ছাত্রলীগকর্মী হাবিবুর রহমান হাবিব বলেন, তারা বাদলের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা হয়।

৭ খুনের ঘটনার পর নুর হোসেনের সঙ্গে তার ভাতিজা কাউন্সিলর শাহজালালও আত্মগোপন করেছিলেন। কয়েকদিন আগে তিনি প্রকাশ্যে আসেন।