২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাভেল্লা খুন: গ্রেপ্তারদের পরিবারের ভিন্ন দাবি

ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লার ‘খুনি’ হিসেবে যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ; তাদের দুজনের পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডে তাদের সন্তানরা কোনোভাবে জড়িত নয়।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 11:38 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

পুরনো খবর:

খুনি তিন জন, খোয়া যায়নি কিছু: প্রত্যক্ষদর্শী
সরকারকে ‘চাপে ফেলতে’ তাভেল্লা হত্যা: পুলিশ

ওই চারজনের সবাইকে একদিন আগে গ্রেপ্তারের কথা পুলিশ জানালেও তাও ‘মিথ্যা’ বলে দাবি করেছেন ওই দুজনের স্বজনরা।

তাভেল্লা হত্যাকাণ্ডের প্রায় এক মাস পর চারজনকে গ্রেপ্তার করে পুলিশ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছে, এক ‘বড় ভাই’য়ের নির্দেশে এদের তিনজন হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। একজন মোটরসাইকেল সরবরাহ করেছিল।

পুলিশের বক্তব্য অনুযায়ী, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন রাসেল, তামজিদ আহম্মেদ রুবেল গুলশানে এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। তারা ব্যবহার করেছিল শাখাওয়াত হোসেন শরীফের মোটরসাইকেল।

রোববার ঢাকার বিভিন্ন এলাকা থেকে এই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেন ঢাকার মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তবে এদের আটকের খবর কয়েকদিন ধরে গণমাধ্যমে এলেও আইনশৃঙ্খলা বাহিনী তা অস্বীকার করে আসছিল।

রুবেলের পরিবারেরও দাবি, গত ১২ অক্টোবর সন্ধ্যায় বেরিয়ে যাওয়ার পর থেকে খোঁজ না পাওয়ার পর তারাও আটকের খবর শুনেছিলেন। তবে থানা কিংবা ডিবি কার্যালয়ে গিয়ে কোনো খবর পাননি তারা।

এরপর গত ২১ অক্টোবর রুবেলের নিখোঁজ জানিয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মামা মো. তৌহিদ।

রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকার ৯ নম্বর রোডের ২১ নম্বরে মামার বাড়িতে থাকতেন রুবেল(২৯)। ছোটবেলায় বাবার মৃত্যুর পর মায়ের দ্বিতীয় বিয়ে হলে  মামাদের সংসারে ঠাঁই হয় রুবেলের।

এক তলা একটি আধাপাকা বাড়িতে অন্তত চারটি ছোট ঘর। বিভিন্ন ঘরে রুবেলের মামারা ভাগাভাগি করে থাকেন। ছোট একটি ঘরে থাকতেন রুবেল।

ছোট মামা তৌহিদ (৪৬) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড্ডা স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন রুবেল।

এরপর এলাকার বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে বসে এসি ও ফ্রিজ মেরামত করতে শিখেছিলেন রুবেল। এলাকায় সে কাজ করতেন তিনি। এছাড়া মায়ের নামের থাকা একটি সেলুনের ভাড়া হিসেবে মাসে সাড়ে ৫ হাজার টাকা আয় হত তার।

পুলিশের দাবি, “রুবেল স্থানীয়ভাবে দুর্ধর্ষ ও ঠাণ্ডা মাথার খুনি।”

Image
গুলশানে চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডস্থল

গুলশানে চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডস্থল

পুলিশ কমিশনার আছাদুজ্জামানের বক্তব্য অনুযায়ী,মোটরসাইকেলে মিনহাজুল ও রুবেলই তাভেল্লাকে অনুসরণ করে পেছন থেকে গুলি করেছিল।

তাদের পরিবারের কারও বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই জানিয়ে রুবেলের মামা বলেন, “এলাকার কোনো রাজনীতির সঙ্গে ও (রুবেল) জড়িত না। তার বিরুদ্ধে এলাকার কারও কোনো অভিযোগও নেই।

“আজ (সোমবার) সকালে ডিবি পুলিশের কাছে রুবেলকে দেখে বুঝতে পারি সে বেঁচে আছে। ভাবি, সে কেমনে ওইখানে গেল।”

তার দাবি, রুবেলকে ‘ভুল’ করে আসামি করা হয়েছে। সুষ্ঠু তদন্তে তা বেরিয়ে আসবে।

গ্রেপ্তারের পর রুবেল সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রুবেলের সঙ্গে গ্রেপ্তার রাসেলের বাড়ি দক্ষিণ বাড্ডায়। রাসেলকে গত ১০ অক্টোবর বাসা থেকে সাদা পোশাকের পুলিশ সদস্যরা তুলে নিয়ে যায় বলে দাবি করেন তার মা আফরোজা বেগম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারজন লোক ডিবি পুলিশ পরিচয়ে রাসেলকে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল।”

এরপর বাড্ডা থানা ও মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েও কোনো খোঁজ মিলছিল না বলে জানায় রাসেলর পরিবার।

রাসেলের বোন সুবর্ণা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই লোকগুলো বাসায় ঢুকেই ভাইয়াকে বলেছিল-‘ওই তুই ছাত্রদল করোস, না কি যুবদল করোস?”

Image
তামজিদ আহম্মেদ রুবেল (বাঁয়ে) ও রাসেল চৌধুরী (বাঁ থেকে তৃতীয়)

তামজিদ আহম্মেদ রুবেল (বাঁয়ে) ও রাসেল চৌধুরী (বাঁ থেকে তৃতীয়)

“আমার ভাই বিএনপি সমর্থক ছিল। তবে দলে তার কোনো পদ ছিল না। তাছাড়া কোনো দলকে সমর্থন করা তো কোনো অপরাধ না। আমার ভাইও কোনো অপরাধ করেনি। তাকে ধরেছে পুলিশ ভুল করে,” বলতে বলতে কেঁদে ফেলেন সুবর্ণা।

কয়েক বছর আগে ডিগ্রি পাস করার পর কোনো কাজে যোগ দেননি রাসেল। পরিবারের পক্ষ থেকে তাকে দেশের বাইরে পাঠানোর পরিপল্পনা চলছিল বলে তার বোন জানান।

পুলিশের বক্তব্য অনুযায়ী, রাসেল ‘ইয়াবাসহ বিভিন্ন নেশায় আসক্ত ও বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি’। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তাভেল্লা খুনের আগে বিকাল থেকে গুলশানের ৯০ নম্বর সড়কে অবস্থান নিয়েছিলেন তিনি।

পরিবারগুলো নাকচ করলেও পুলিশ কমিশনার আছাদুজ্জামানের দাবি, পুলিশ পেশাদার বাহিনী হিসেবে তথ্য প্রমাণের ভিত্তিতেই আসামিদের গ্রেপ্তার করেছে।

আগে গ্রেপ্তার করে তা স্বীকার না করার অভিযোগের বিষয়ে তিনি বলেন, “হত্যার ঘটনায় জড়িয়ে থাকার পর তারা কেউ পলাতক থাকতে পারেন, পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতে পারেন বা গোপন আস্তানায় পালিয়ে থাকতে পারে।”

তাভেল্লা হত্যাকাণ্ডের তদন্তে একটি সিসি ক্যামেরার ধারণা করা তিনটি ছবি সম্প্রতি পুলিশ কর্মকর্তাদের কাছে পায় সাংবাদিকরা।

সেখানে একটি ছবিতে মোটর সাইকেলে দুজনকে দেখা যায় এবং অন্য একটি ছবিতে একজনকে মোবাইল হাতে হাঁটতে দেখা যায়।

ওই তিনজনই খুনি বলে পুলিশ কর্মকর্তারা বলে আসছিলেন। গ্রেপ্তার ব্যক্তিরাও তারাই বলে পুলিশের দাবি।

তবে ঘটনার পর প্রত্যক্ষদর্শী এক নারী হামলাকারী তিনজনের পোশাকের যে বর্ণনা দিয়েছিলেন, তার সঙ্গে ওই ছবির ব্যক্তিদের পোশাক পুরোপুরি মেলে না।