মহাখালীতে ওষুধের দোকানে অভিযান, ছয়জনকে দণ্ড
রাজধানীত অবৈধভাবে ওষুধ তৈরি করে বাজারজাতকরণের দায়ে ছয়জনকে সাজা দেওয়ার পাশাপাশি জরিমানা করেছে আদালত।
সোমবার দুপুরে মহাখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সাজা দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদের মধ্যে পিনাকল সোসিংর লিমিটেডের সিইও দেবাশিষকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, এবং সহকারী মহাব্যবস্থাপক মো. রোকনুজ্জামান, মাকেটিং ইনচার্জ শাখাওয়াত হোসেন ও সাপ্লাই ইনচার্জ মো. রাসেল আকন্দকে এক বছরের সাজা ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফাইনান্স ইনচার্জ এসএম হাসানকে দুই লাখ ও স্টক ইনচার্জ তপন খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওষুধ প্রশাসন ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নামিদামি কোম্পানির ওষুধ উৎপাদন ও বাজারজাত করার অপরাধে তাদের সাজা দেওয়া হয়েছে।
