২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা পানি শোধনাগারের ভিত্তিফলক উন্মোচন বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার পদ্মা পানি শোধনাগারের ভিত্তিফলক উন্মোচন করবেন বলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 09:50 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

ঢাকায় খাবার পানি সরবরাহের লক্ষ্যে লৌহজং উপজেলার যশলদিয়ায় শুরু হওয়া এ প্রকল্পের কাজ ইতোমধ্যে ১০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকল্পটির কাজ শুরু হলেও এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি।

“বুধবার সকালে হোটেল সোনারগাঁও থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভিত্তিফলক উন্মোচন করার কথা রয়েছে।”

প্রকল্প সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নানা তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক।

তিনি জানান, লৌহজং উপজেলার যশলদিয়ায় এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকায় প্রতিদিন ৪৫ কোটি লিটার খাবার পানি সরবরাহ করা যাবে।

“ইতোমধ্যেই সার্ভে ওয়ার্ক, মাটি ভরাট, কার্যক্রম পরিচালনার স্থাপনা, রাস্তা নির্মাণ এবং ১৭ হাজার মিটার পাইপ প্রকল্পস্থানে আনা হয়েছে, যা মোট কাজের ১০ শতাংশ।”

আনুষ্ঠানিকভাবে ভিত্তিফলক উন্মোচনের মধ্য দিয়ে পুরোদমে কাজ শুরু হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক জানান, তিন হাজার ৫০৯ কোটি টাকার এই প্রকল্পে ১ হাজার ৯৫ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার এবং বাকি ২ হাজার ৪১৪ কোটি টাকা আসবে বিদেশি ঋণের মাধ্যমে।

৯০ একর জমির উপর প্রকল্পটি বাস্তবায়ন করবে চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। তাদের সঙ্গে ইতোমধ্যেই ঢাকা ওয়াসার চুক্তি হয়েছে।