২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি কর্মকর্তাদের মোবাইলে হুমকি, জিডি

‘শীর্ষ সন্ত্রাসী’ পরিচয় দিয়ে চাঁদা দাবি করে নির্বাচন কমিশনের এক ডজন কর্মকর্তাকে হুমকি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 09:19 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

সোমবার এ ধরনের হুমকি পাওয়ার পর সন্ধ্যায় শেরে বাংলানগর থানায় জিডি করা হয়েছে ইসি সচিবালয়ের পক্ষ থেকে।

শেরে বাংলানগর থানার ওসি গণেশ গোপাল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৭টায় ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব সুধাংশু কুমার সাহা কর্মকর্তাদের হুমকি দেওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।”

তবে কত টাকা চাওয়া হয়েছে এবং কোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি।

ইসির জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, সকালে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত অন্তত এক ডজন কর্মকর্তার ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে সন্ত্রাসী পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়।

বিষয়টি সচিবকে অবহিত করার পরই থানায় জিডি করার উদ্যোগ নেওয়া হয়।

ইসি কর্মকর্তারা জানান, হুমকিদাতাদের একজন ‘পেট কাটা বাবু’ পরিচয় দিয়ে  নিজেকে ‘শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর’ সেকেন্ড ইন কমান্ড দাবি করে।

সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে ইসি কর্মকর্তাদের মোবাইলে ফোন করে চাঁদা চাওয়া হয়।

০১৯৯১৭৬০৭১৭ নম্বর থেকে এসব হুমকি আসে বলে একাধিক ইসির কর্মকর্তা জানিয়েছেন।