অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে: মিজানুর রহমান
যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকরের আগে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যন মিজানুর রহমান।
সোমবার বাগেরহাটের কচুয়া উপজেলার পালপাড়া গ্রামের সন্তান নিহত পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লার বাড়িতে স্বজনদের সান্ত্বনা গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর গাবতলীতে বৃহস্পতিবার রাতে তল্লাশি চৌকিতে ছুরিকাঘাতে এএসআই ইব্রাহিম নিহত হন।
কোনো না কোনো মহল থেকে আমাদের দেশে বর্তমানে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেন মিজানুর রহমান।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকর হওয়া যখন প্রায় আসন্ন, এমন একটি সময়কে বেছে নেওয়া হয়েছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টির জন্য।
“এ দুটিকে বিচ্ছিন্ন হিসেবে দেখলে হবে না। আমার কাছে মনে হয় এগুলোর মধ্যে অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে। এজন্য সররকে আরও বেশি সতর্ক হতে হবে।”
যুদ্ধাপরাধীদের বিচারে কোনোরকম কালক্ষেপণ ও বিলম্বের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ করতে যত বেশি সময় নেওয়া হবে, আমাদের শত্রুদের তত বেশি সময় দেওয়া হবে রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে আরও অপপ্রচার চালানোর।”
নিহত এএসআই ইব্রাহিমের পরিবারকে সান্ত্বনা দেওয়ার সময় তিনি তার আত্মত্যাগের কথা স্মরণ করেন।
ইব্রাহিম নিজের প্রাণ দিয়ে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমাদের সাবধান করে গেছে বলে মনে করেন মানবাধিকার কমিশন প্রধান।
এএসআই ইব্রাহিম প্রাণ দিয়ে সমগ্র মানবজাতিকে ঋণে আবদ্ধ করে গেছেন উল্লেখ করে তিনি বলেন, “আমরা কখনোই সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করব না।”’
ইব্রাহিম মোল্লার পরিবারকে যেন ভবিষ্যতে কোনো ধরনের অসচ্ছলতার মধ্যে পড়তে না হয় তার জন্য সরকার ও রাষ্ট্রের প্রতি দাবি জানান মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
এ সময় তার সঙ্গে বাগেরহাট সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান, কচুয়া থানার ওসি মো. শমসের আলীসহ প্রশাসনের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
