স্বপন হত্যার আসামির বাড়িতে আগুন, দগ্ধ দাদার মৃত্যু
নোয়াখালীর চাটখিলে ছাত্রলীগকর্মী হত্যা মামলার আসামি পৌর ছাত্রলীগ নেতা রবিউল হোসেন ভূঁইয়া রবিনের বাড়িতে দেওয়া আগুনে দগ্ধ হয়ে তার দাদার মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে এ ঘটনায় মারা যান রবিনের দাদা সিদ্দিক উল্লা ভূঁইয়া (৮৫)।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান জানান, রোববার ছয়ানী-টগবা গ্রামে ছাত্রলীগকর্মী তারেক হোসেন স্বপনকে কুপিয়ে হত্যার পর বিক্ষুদ্ধ এলাকাবসী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিনের বাড়িতে ভাংচুর চালায়। এরপর ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়।
“সোমবার ভোরে রবিনদের বসত ঘরে কে বা কারা অগ্নিসংযোগ করলে কক্ষের খাট ও বিছানা পুড়ে যায় এবং এতে রবিনের দাদা সিদ্দিক দগ্ধ হন।”
আগুন বাইরে থেকে এসে কেউ দিয়েছে না কি ‘তারা নিজেরাই’ দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আশরাফুজ্জামান।
লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রহিস উদ্দিন জানান, আগুনে শরীরের ৪০ ভাগ পোড়া অবস্থায় এক বৃদ্ধকে সকাল ৭টায় হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
এদিকে রোববার বিকালেই রবিন, তার বাবা ও দুই ভাইসহ ১০ জনকে আসামি করে মামলা করেছেন নিহত ছাত্রলীগকর্মী তারেক হোসেন স্বপনের বড়ভাই লিটন।
ওই মামলার পর রাতে পুলিশ রবিনের বাবা লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে বলে জানান চাটখিল থানার ওসি নাছিম উদ্দিন।
