২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুলতায় ফ্লাইওভার নির্মাণে চুক্তি

ঢাকা ও সিলেট মহাসড়ককে যানজট মুক্ত করতে ভুলতায় একটি চার লেনের ফ্লাইওভার নির্মাণের চুক্তি করেছে সড়ক ও জনপথ বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 05:18 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

এই উড়ালসেতুর নির্মাণকাজ দুই বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

চীনের ঠিকাদার প্রতিষ্ঠান চায়না রেলওয়ে টোয়েন্টিফোর ব্যুরো গ্রুপ কোং লিমিটেড, বাংলাদেশের স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারস লিমিটেড ও এম এম বিল্ডারস ইঞ্জিনিয়ারস লিমিটেড ফ্লাইওভারটি নির্মাণ করবে।

সোমবার হোটেল সোনারগাঁওয়ে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল এবং ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি ওয়ান উইঙ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

১২৩৮ মিটার (এক দশমিক দুই কিলোমিটার) দীর্ঘ ও ১৭ দশমিক ২০ মিটার প্রস্থের এই ফ্লাইওভার নির্মাণে খরচ হবে প্রায় ২৪০ কোটি টাকা।

এটি নির্মাণ হলে রাজধানীর সঙ্গে দেশের উত্তরপূর্ব অংশের যোগাযোগ আরও ত্বরান্বিত হবে বলে জানান প্রকল্প পরিচালক রিয়াজ আহমেদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, ডিসেম্বরের মধ্যে এই ফ্লাইওভারের কাজ শুরু হবে।