২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় শিবির নেতার যাবজ্জীবন

অস্ত্র মামলায় ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 04:35 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

একই মামলায় অস্ত্র আইনের আরেকটি ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন।

দুই সাজা একসঙ্গে চলবে বলে জানান ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এন্তাজুল হক বাবু।

দণ্ডপ্রাপ্ত সাইফুদ্দিন ইয়াহিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি। রায়ের সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

তার বিরুদ্ধে আরও ৪০টি মামলা রয়েছে বলে জানান পিপি এন্তাজুল।

মামলার নথির বরাত দিয়ে এন্তাজুল হক বলেন, ২০১৩ সালের  ২৬ সেপ্টেম্বর রাতে রাজশাহী নগরীর আল রহমান হার্ডওয়ার মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ইয়াহিয়াকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, আট রাউন্ড গুলি, ১৩টি ককটেল এবং দেশি অস্ত্র পাওয়া যায়।

পরে রাজশাহী র‌্যাবের ডিএডি আলতাফ হোসেন বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় আট জনকে আসামি করে অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে শুধু ইয়াহিয়াকে আসামি করে পুলিশ অভিযোগপত্র দেয় বলে জানান তিনি।