দুর্গাপুরে দম্পতি হত্যায় মামলা
নেত্রকোণার দুর্গাপুরে ঘরে ঢুকে দম্পতিকে হত্যার ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে।
রোববার রাতে নিহত দম্পতির বড় ছেলে সুজিত সাহা দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন বলে ওসি রেজাউল ইসলাম খান জানান।
উপজেলার মধ্যবাজারের নিজের বাড়িতে শুক্রবার রাতে খুন হন অরুণ সাহা (৮২) ও তার স্ত্রী হেনা রাণী (৭২)।
হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ওসি রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই হত্যারহস্য উদঘাটনে তদন্ত চলছে।
তবে জিজ্ঞাসাবাদের জন্য আটকদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানান তিনি।
এদিকে ওই খুনের পর থেকে এলাকাবাসী বিক্ষোভ, মানববন্ধন, হরতাল, ব্যবসাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালন করেছে বলে জানিয়েছেন উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাপ্পী সাহা ।
ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।
