দুই আইনজীবীর জন্য নিজামী-মুজাহিদের আবেদন
আপিল ও রিভিউ শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবীকে দুই আইনজীবী যাতে নির্বিঘ্নে সহায়তা করতে পারেন, সে আরজি জানিয়ে আবেদন করেছেন যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদ।
আইনজীবী শিশির মনির ও আসাদ উদ্দিনের জন্য রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন দুটি জমা দেন দুই জামায়াত নেতার মামলায় অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবদীন তুহিন।
শিশির মনিরের ঢাকার বাসায় তল্লাশি এবং আসাদ উদ্দিনকে সিরাজগঞ্জ থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে স্বজনদের অভিযোগের পর এই আবেদন করা হল।
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াত আমির নিজামীর আপিল শুনানির পর্যায়ে রয়েছে। আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহালের পর তার রিভিউ চেয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মুজাহিদ।
দুটি মামলায়ই প্রধান আইনজীবী হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করতে যে আইনজীবী দল রয়েছে, শিশির মনির ও আসাদ উদ্দিন তার সদস্য।
দুই আইনজীবীর সহকর্মী ইমরান এ সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২ নভেম্বর মুজাহিদের রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে। ৩ নভেম্বর নিজামীর আপিল শুনানির কথা।
তিনি বলেন, “গত ২২ অক্টোবর শিশির মনিরকে আটক করার জন্য তার বাসায় তল্লাশি চালানো হয়। ওই দিন আসাদ উদ্দিনকে বঙ্গবন্ধু সেতু পার হওয়ার সময় ডিবি পরিচয়ে আটক করা হলেও এখনও আদালতে হাজির করা হয়নি। এসব কারণে আবেদন দুটি করা হয়।”
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব আসামি পক্ষের আইনজীবীদের হয়রানির অভিযোগ করেন।
তিনি বলেন, আইনজীবীদের বলা হয় ‘অফিসার্স অব দ্য কোর্ট’। বিশেষ করে যারা ডিফেন্স আইনজীবী থাকেন, তাকে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে চলতে হয়।
“দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি, মানবতাবিরোধী অপরাধের মামলায় যারা সম্পৃক্ত এবং তাদেরকে নানাভাবে আইন শৃঙ্খলাবাহিনীর হয়রানির শিকার হতে হচ্ছে।এর অর্থ তাদের ভেতর একটি মানসিক চাপ সৃষ্টি করা, যাতে তারা আইনানুগভাবে বিচারে আদালতকে সহায়তা না করতে পারে।”
দুই মামলায় আপিল ও রিভিউ শুনানির দিকে ইঙ্গিত করে খন্দকার মাহবুব বলেন, “আমাদের যারা জুনিয়র থাকে, তাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হয়। শিশির মনির মামলাগুলো করছেন। ..হঠাৎ করে ২২ অক্টোবর তার বাসায় সাদা পোশাকে পুলিশের হামলা হয়, ভাগ্য ভালো উনি বাসায় ছিলেন না।
“মতিউর রহমান নিজামীর অন্যতম আইনজীবী আসাদ উদ্দিন, তাকে ২২ অক্টোবর ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে বাস থেকে বঙ্গবন্ধু সেতু অতিক্রম করার সময় তুলে নেওয়া হয়। আজ পর্যন্ত আমরা তার সঠিক অবস্থান জানতে পারি নাই। তবে এইটুকু জেনেছি তাকে ডিবি নিয়েছে, স্বীকার করেছে। তাকে কী অপরাধের জন্য নেওয়া হল, কোথায় নেওয়া হল, কেন নেওয়া হল, সেটা আমরা এখনও অস্পষ্ট।”
খন্দকার মাহবুব বলেন, “এটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে ব্যক্তিগতভাবে হয়রানি করার যদি প্রচেষ্টা হয়, এই প্রচেষ্টা কখনও শুভ হবে না।”
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে এই আইনজীবী নেতা বলেন, “কারও বিরুদ্ধে যদি নির্দিষ্ট অভিযোগ থাকে, নির্দিষ্টভাবে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু অতিউৎসাহী হয়ে যদি অযথা কোনো আইনজীবীর ওপর হামলা হয়, তাহলে আমরা বাংলাদেশের সব আইনজীবীরা মনে করব সবার ওপর এই হামলা হচ্ছে।”
