২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে গৃহবধূকে ‘হত্যা’: শ্বশুরসহ আটক ৩

বাগেরহাট সদর উপজেলায় এক গৃহবধূকে হত্যায় জড়িত অভিযোগে শ্বশুরসহ তিনজনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 07:17 PM

Updated : 22 Aug 2022, 01:37 PM

তারা হলেন মৃত গৃহবধূর শ্বশুর আব্দুস সালাম এবং শাশুড়ি ও ননদ।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, শনিবার রাতে যাত্রাপুর বাজারের এক পল্লী চিকিৎসকের চেম্বার থেকে গৃহবধূ রুনা খাতুনের (২৪) মৃতদেহ উদ্ধার করা হয়।

“ওই সময় এলাকাবাসী তিনজনকে আটক করে পুলিশে দেয়।”

তবে রুনার স্বামী সাইফুল শেখ (৩০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানান মাহাবুব।

রুনা খাতুন বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামের মুদি দোকানি সাইফুল শেখের স্ত্রী এবং বেমরতা ইউনিয়নের বিজয়পুর গ্রামের ওহিদ শেখের মেয়ে।

ওহিদ শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আড়াই বছর আগে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আমার মেয়ের উপর তার শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতন করে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ-বৈঠকও হয়েছে।”

তিনি দাবি করেন, বিভিন্ন সময় যৌতুকের দাবি মেটাতে তিনি মেয়ের শ্বশুরের পরিবারকে প্রায় দুই লাখ টাকা দিয়েছেন।

তবে রুনার শ্বশুর আব্দুস সালাম যৌতুক নেওয়ার কথা ও হত্যার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্ভবত রুনা তার স্বামীর সঙ্গে কোনো বিষয়ে পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করেছিল।

“গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার সন্ধ্যায় আমরা তাকে যাত্রাপুর বাজারের চিকিৎসক আব্দুল লতিফের চেম্বারে নিয়ে যাই। কিন্তু তাকে বাঁচানো যায়নি।”

এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে পরিদর্শক মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক তদন্তে নিহতের মুখে বিষাক্ত তরলের উপস্থিতি পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।