মাগুরায় যুবক ‘হত্যা’, আটক ১
মাগুরার সদরে একটি বিল থেকে স্থানীয় এক যুবকের লাশ উদ্ধার হয়েছে, যাকে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের।
সদর থানার ওসি আছাদুজ্জামান মুন্সি জানান, রোববার আমুড়িয়া ইউনিয়নের আসবা গ্রামে সাইফার বিশ্বাসের (৩৫) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সাইফার বিশ্বাসের বাড়ি আমুড়িয়া গ্রামের দক্ষিণপাড়ায়।
এ ঘটনায় মাছুদ হোসেন টিটু নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
নিহতের ভাই আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার ভোরে আমাদের প্রতিবেশী মিঠু মাছ ধরার কথা বলে সাইফারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকালে বিলের মধ্যে লাশ ভাসতে দেখে জেলেরা আমাদের খবর দেয়।”
তার ভাইয়ের হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম ও মারধরের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
