আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে বললেন মিজানুর
যুদ্ধাপরাধের বিচার বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে শিয়াদের সমাবেশে বোমা হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে বলেছেন তিনি।
“তাহলে জনগণের মধ্যে এই বার্তাটি পৌঁছে দেওয়া সহজ হবে, আইন কাউকেই ছাড় দেবে না।”
আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসাইনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শনিবার ভোররাতে বোমা হামলায় এক কিশোর নিহত এবং অর্ধশতাধিক আহত হন।
রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে মিজানুর রহমান বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার যখন শেষ পর্যায়ে তখন একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস চালাচ্ছে।”
“সন্ত্রাসী ও নৈরাজ্যবাদীরাই ওই বোমা হামলার ঘটনা ঘটিয়েছে। তারা শুধু দেশের নয়, বিশ্ব সভ্যতার ও মানবতার শত্রু।”
তবে এই হামলার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিবাদের যোগসূত্র খোঁজার বিপক্ষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
সম্প্রতি দুই বিদেশি খুনের পর বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা জানিয়ে পশ্চিমা কয়েকটি দেশের সতর্কতা জারি নিয়ে প্রশ্ন তোলেন মিজানুর রহমান।
তিনি বলেন, “পুরান ঢাকার ঘটনার সঙ্গে আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে বেড়ানোর কোনো দরকার নেই। বরং দেখুন অন্য একটি রাষ্ট্রে পুলিশ সদরদপ্তরের সামনে গুলি করে নাগরিকদের হত্যার ঘটনায় সতর্কতা জারি হচ্ছে না, কিন্তু বিচ্ছিন্ন একটি ঘটনা যখন অন্য কোনো রাষ্ট্রে ঘটল তখন তারা সতর্কতা জারি করছেন।
“এগুলো কিন্তু আমাদের মনে প্রশ্নের উদ্রেক করে। তাই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সন্ত্রাস ঠেকাতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মিজানুর বলেন, “শুধু এই এক জায়গাটিতে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে দেশের সর্ব সাধারণের কাছে আহ্বান থাকবে-এখনই সময় যখন দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটাতে হবে, এখনই সময় যখন ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে।”
নিজ নিজ অবস্থান থেকে নৈরাজ্য ও চক্রান্তকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
এ বিষয়ে প্রত্যেক নাগরিকের দায়িত্ব আছে মন্তব্য করে তিনি বলেন, “এটি শুধু সরকারের দায় মনে করলে হবে না।”
