২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিইউপিতে গবেষণায় জোর দিতে রাষ্ট্রপতির নির্দেশনা

গবেষণা কার্যক্রমে জোর দিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপচার্যকে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 06:37 PM

Updated : 22 Aug 2022, 01:37 PM

রোববার বিইউপি উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে বঙ্গভবনে গেলে এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাক্ষাতে বিইউপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”

বর্তমানে বিইউপিতে স্নাতকোত্তর পর্যায়ে ১৩, স্নাতক পর্যায়ে ১৬ এবং চিকিৎসাশাস্ত্রে সাত ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আগামী ৫ বছরের মধ্যে আরও ২২টি বিভাগের কার্যক্রম শুরু হবে এবং এর ফলে ১২ হাজার শিক্ষার্থী লেখাপড়া করতে পারবে বলেও রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।  

বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাষ্ট্রপতির সহযোগিতাও চান বিইউপি উপচার্য।

প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়টির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এবং গবেষণা কার্যক্রমের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন।”

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।