রাকিব হত্যা: সাক্ষ্য গ্রহণ শেষ
খুলনায় নগরীতে মলদ্বারে বাতাস ঢুকিয়ে শিশু রাকিব হাওলাদার হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।আগামী ২৮ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানার আদালতে তিন জনের সাক্ষ্য গ্রহণ হয়।
ওই তিন সাক্ষী হলেন রাকিবের ময়নাতদন্তকারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ, মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার উপ-পরিদর্শক কাজী মোস্তাক আহমেদ ও নগরীর গুড হেলথ ক্লিনিকের কর্মচারী প্রভাত চন্দ্র গোলদার।
বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী মোমিনুল ইসলাম জানান, পরবর্তী তারিখে তিন আসামি শরীফ মটর্সের মালিক ওমর শরীফ, তার মা বিউটি বেগম ও চাচা মিন্টু মিয়াকে তাদের জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ পড়ে শুনিয়ে কোনো বক্তব্য আছে কি না জিজ্ঞেস করা হবে।
“ডা. ওয়াহিদ তার সাক্ষ্যে বলেন, কম্প্রেসার মেশিন দিয়ে হাওয়া দেওয়ায় রাকিবের মলদ্বার রক্তাক্ত হয় এবং নাড়ি ও ক্ষুদ্রান্ত্র ফেটে যায়। এছাড়া অতিরিক্ত বাতাসের চাপে ফুসফুস চুপসে যায়, দুই হাতের ১০ আঙ্গুল এবং দুই পায়ের গোড়ালিতে রক্ত জমাট বাঁধে, পেটের ভেতর অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে এবং ভেতরের অংগগুলো অকেজো হয়ে রাকিব মারা যায়।”
গত ১১ অক্টোবর থেকে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
গত ৩ অগাস্ট বিকালে শহরের টুটপাড়া কবরখানা এলাকায় শরীফ মটর্সে কম্প্রেসর মেশিনের সাহায্যে ১২ বছরের শিশু রাকিবের মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করা হয়।
ঘটনার পরপরই এতে জড়িত অভিযোগে শরীফ মটর্সের মালিক শরীফ ও মিন্টু মিয়াকে পিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। পরে শরীফের মা বিউটি বেগমকেও পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিন আসামি। এছাড়া চার সাক্ষী নাদিম হাসান শাহীন, রবিউল ইসলাম, সুমন ও সেলিম হাওলাদারও আদালতে জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই কাজী মোস্তাক আহমেদ ২৫ অগাস্ট এজাহারভুক্ত তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
