কাদের সিদ্দিকীর প্রার্থিতা বাতিলে আইনি লড়াইয়ের প্রক্রিয়া ইসির
টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচনে আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন।
সোমবার সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী মোহাম্মদ ইয়াসিন খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অপর পক্ষকে আবেদন করা হবে মর্মে নোটিস দেওয়া হয়েছে। আদেশের প্রত্যায়িত অনুলিপির জন্য আবেদন করা হয়েছে। আশা করছি কাল আবেদনটি দখিল করতে পারব।”
হজ নিয়ে মন্তব্যের কারণে সৃষ্ট বিতর্কের জের ধরে সংসদ সদস্য পদ হারানো বড় ভাই আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর আসনে উপনির্বচনে প্রার্থী হয়েছিলেন কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
তার একটি প্রতিষ্ঠানের রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকে ঋণ খেলাপি থাকায় সে কারণ দেখিয়ে প্রার্থিতা বাতিল করে ইসি।
কাদের সিদ্দিকী (ফাইল ছবি)
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়ে রায় পক্ষে পেয়ে নির্বাচনী মাঠে নামেন কাদের সিদ্দিকী। তার মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন আইনগত কতৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- সংশ্লিষ্টদের কাছে তা জানতে চেয়ে রুলও দেয় আদালত।
হজ নিয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়। ওই আসনে উপ-নির্বাচনে প্রার্থী হতে কাদের সিদ্দিকী ও তার দলের আরও তিনজনসহ মোট ১০ জন মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান বাছাই শেষে কাদের সিদ্দিকীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
