২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা: সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি

রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা হামলার মামলায় আসামিপক্ষের আবেদনে সাক্ষ্যগ্রহণ শুরু না করে নতুন তারিখ ধার্য করেছে আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 05:17 PM

Updated : 22 Aug 2022, 01:38 PM

রোববার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামরুজ্জামান এ আদেশ দেন।  

এ সময় কারাগারে থাকা মামলার ৫১ আসামিকে আদালতে হাজির করা হয়।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মালেক জানান, মামলার বাদী মিঠাপুকুর থানার এসআই আব্দুর রাজ্জাকের সাক্ষ্যগ্রহণ শুরুর আগে প্রস্তুতি না থাকার কথা বলে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষ্যগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণের আবেদন করেন।
আদালত তা আমলে নিয়ে সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন আগামী ৫ নভেম্বর ধার্য করে বলে জানান তিনি।

এ বছর ১৩ জানুয়ারি মধ্যরাতে বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে মিঠাপুকুর উপজেলার বাতাসন ফতেপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমার হামলায় দগ্ধ হয়ে মারা যান এক শিশুসহ ছয় যাত্রী। দগ্ধ হন আরও ৩০ জন।

এ ঘটনায় মিঠাপুকুর থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির এনামুল হকসহ ১৩৩ নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ইতোমধ্যে মামলার অন্যতম আসামি উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজমুল হোসেন লাবলু দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গত ১৭ মে তিনি ১৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন।  

তিনি জানান, মিঠাপুকুর উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল বাসেত মারজনসহ মামলার ৫১ জন আসামিকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি এনামুল হকসহ ৮১ আসামি এখনও পলাতক রয়েছেন।

আদালত ২৯ জুলাই তাদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে বলেও জানান তিনি।