কক্সবাজারে ইউপি সদস্য অপহরণ: অস্ত্রসহ আটক ১২
কক্সবাজারে সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে অস্ত্রসহ ১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রামু থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, রোববার ভোরে রামু উপজেলার ঈদগড়ের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অপহরণের পর দিন শনিবার ভোরে কক্সবাজার সদরের সদরের ঈদগাঁও ইউনিয়নের গজালিয়ার পাহাড়ি এলাকা থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবু তৈয়ব (৪০), একই ইউনিয়নের তুফান আলী পাড়ার আবুল ফজলের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৮) ও তার বন্ধু শাহ আলমকে (২৭) উদ্ধার করা হয়।
ওসি মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ধারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালিয়ে ঈদগড় পাহাড়ি এলাকা থেকে তিনটি বন্দুক ও ১১টি কার্তুজসহ ১২ জনকে আটক করা হয়।
“আটকদের রামু থানা ও ঈদগাঁও পুলিশ ফাঁড়িতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এদের আটক ১২ জনের নাম পরিচয় জানাননি এই পুলিশ কর্মকর্তা।
শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে বাইশারীতে ফেরার সময় কক্সবাজারের ঈদগাঁও ঢালা এলাকায় সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতি রোধ করে আবু তৈয়ব, আবু বক্কর ও শাহ আলমকে অপহরণ করে দুর্বৃত্তরা।
পরে তাদের পরিবারের কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
শনিবার ভোরে গজালিয়ার পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধারের পর আবু তৈয়বের স্ত্রী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় অজ্ঞাত ১০ জনের নামে মামলা করে।
