২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়

স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে কক্সবাজারের আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 03:17 PM

Updated : 22 Aug 2022, 01:38 PM

দণ্ডিত মো. শহীদুল্লাহ ওরফে শহীদুল ইসলাম (২৬) কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মাতব্বর পাড়ার শামশুল আলমের ছেলে। তিনি সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

কক্সবাজার আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) দীলিপ কুমার ধর জানান, রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন।

এসময় আসামি শহীদুল্লাহ কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এপিপি দীলিপ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্ত্রী এস্তফা বেগমকে (১৯) নিয়ে শহীদুল্লাহ পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের রব্বাত আলী পাড়ায় আহমদ হোসেনের বাড়িতে ভাড়ায় থাকতেন ।

“তিনি যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায় মারধর করতেন; এক পর্যায়ে ২০১৪ সালের ২৫ অগাস্ট রাত ২টার দিকে এস্তফাকে শ্বাসরোধ করে হত্যা করেন।”

পরদিন পেকুয়ার আরবশাহ বাজার থেকে শহীদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই নিহত এস্তফার বাবা শবির আহমদ বাদী হয়ে পেকুয়া থানায় তার বিরুদ্ধে মামলায় করেন।

মামলার তদন্ত শেষে চলতি বছর ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২৮ জুলাই আসামিকে দোষী সাব্যস্ত করে অভিযোগ গঠন করেন বিচারক।

মামলায় আদালতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ মোস্তফা।