২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কর্মচারীকে হত্যা করে দোকানের মালামাল লুট

ঢাকার সাভারে একটি দোকানে ঢুকে কিশোর কর্মচারীকে হত্যা মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 02:08 PM

Updated : 22 Aug 2022, 01:38 PM

সাভার মডেল থানার এসআই সাহেদ আলী জানান, রোববার ভোরে সাভারের জোরপুল এলাকায় বাবুল হোসেনের মনোহরী ও ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন (১৪) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

এসআই সাহেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার ভোরে ক্রেতা সেজে দুর্বৃত্তরা ওই দোকানে ঢুকে কর্মচারী আরিফকে শ্বাসরোধ করে হত্যা করে।

“তারা দোকান থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও কম্পিউটারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে।”

তিনি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

নিহতের বড় বোন সোনিয়া আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক বছর ধরে আরিফ ওই দোকানে কাজ করত। রাতে সে দোকানেই ঘুমাত।”

এসআই সাহেদ বলেন, “ওই দোকানে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) লাগানো ছিল। ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।”

শীঘ্রই হত্যাকারীকে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।