২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকার রাস্তা থেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর এলাকার রাস্তা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে পাশের একটি ১১ তলা ভবনে শ্বাসরোধে হত্যার পর সেখান থেকে ফেলে দেওয়া হয় ধারণা করছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 04:26 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

নিহত নূরুজ্জামানের (২৮) বাড়ি ফরিদপুর জেলায়। ঢাকায় দর্জির কাজ করতেন তিনি।

কোতয়ালি থানার এসআই দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোর ৬টার দিকে ইসলামপুরের একটি ১১ তলা ভবনের সামনে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

“তার শরীরের বিভিন্ন স্থানে পড়ে যাওয়ার জখম চিহ্ন থাকলেও গলায় কোনো কিছু দিয়ে শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে।”

ওই ভবনের দারোয়ান ও স্থানীয় কয়েকজনের বরাত দিয়ে এসআই বলেন, নূরুজ্জামান রাতে ওই ভবনের ১১তম তলায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। কেউ তাকে শ্বাসরোধে হত্যার পর ওই বহুতল ভবন থেকে ফেলে দেয় বলে পুলিশের ধারণা।

ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যু কিভাবে হয়েছে সেটি জানা যাবে বলে আশা করছেন কোতয়ালির এসআই দেলোয়ার।