২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতিসহ নিহত ৪

গাজীপুরের তিন এলাকায় সড়ক দুর্ঘটনায় দাদা-নাতিসহ চারজনের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 12:19 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে ১০টার মধ্যে কাপাসিয়ার তরগাও, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া ও শ্রীপুরের কর্ণপুর বাজারের কাছে এই তিন দুর্ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক মো. মঞ্জুদ্দোজা জানান, স্থানীয় রেস্তোরাঁ ব্যবসায়ী  আলী আকবর (৬৮) ও তার নাতি হৃদয় হোসেন লোকমান (১৭) কাপাসিয়ার আমরাইদ বাজার থেকে মোটরসাইকেলে কাপাসিয়া বাজারে যাওয়ার পথে সকাল পৌনে ১০টার দিকে দুর্ঘটনায় পড়েন।

তরগাও এলাকায় শাহ সিমেন্টের একটি কভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই দাদা-নাতির মৃত্যু হয়।

পরে এলাকাবাসী ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় আধা ঘণ্টা ঢাকা-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।

পরে পুলিশ গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে উপ-পরিদর্শক মঞ্জুদ্দোজা জানান।

সকাল সাড়ে ৭টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে গাজীপুর শহরের ভোগড়া এলাকায় গাড়ির ধাক্কায় নিহত হন এক পোশাক শ্রমিক।

নিহত ফাহিমা আক্তার ভোগড়ার ‘পশমী স্যুয়েটার কারখানার’ শ্রমিক ছিলেন। স্বামী সোহেল রানার সঙ্গে স্থানীয় মালেকের বাড়ি এলাকার এক বাসায় ভাড়া থাকতেন তিনি। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণায়।

স্থানীয়দের বরাত দিয়ে নাওজোড় হাইওয়ে ফাঁড়ির এসআই মো. বাহারুল আলম জানান, সকালের দিকে ফাহিমা কারখানায় যাচ্ছিলেন। পথে কলম্বিয়া স্যুয়েটার কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পুলিশ পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে এসআই বাহার জানান।

সকাল সাড়ে ৮টার দিকে অপর দুর্ঘটনাটি ঘটে শ্রীপুরের কর্ণপুর বাজারের কাছে।

শ্রীপুর থানার এসআই আব্দুছ ছাত্তার জানান, একটি লেগুনা যাত্রী নিয়ে শ্রীপুর বাজার থেকে গোসিঙ্গা যাওয়ার পথে কর্ণপুর এলাকায় একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সাইকেলআরোহী ফাইজুদ্দিন ফরাজী ঘটনাস্থলেই মারা যান।

নিহত ফাইজুদ্দিন কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামের সুরুজ আলী ফরাজীর ছেলে।

পুরনো খবর:

গাজীপুরে গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু