পিরোজপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বিবদমান একটি জায়গার সুপারি পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিপাড়া ইউনয়নের চণ্ডীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জিয়ানগর থানার ওসি এ কে এম মিজানুর রহমান জানান।
নিহত আবুল হোসেন আকন (৫০) ওই গ্রামের বাসিন্দা।
ওসি মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোশারফ হোসেন নামের একজনের কাছ থেকে ৪১ শতাংশ জমি বন্দোবস্ত নিয়ে ভোগ করে আসছিলেন আবুল হোসেন আকন।
তবে স্থানীয় আ. রব মোল্লা ও তার স্বজনরা ওই জমির মালিকানা দাবি করে আসছিলেন।
রব ও তার ভাই কাদের মোল্লা দুই সমর্থক বশীর ও সোহাগকে নিয়ে দুপুরে ওই জায়গার গাছ থেকে সুপারি পাড়তে গেলে আবুল হোসেন ও তার স্বজনরা তাদের বাধা দেন।
“এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রতিপক্ষ আবুল হোসেনকে লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে।”
ওসি জানান, গুরুতর আহত অবস্থায় আবুল হোসেন, ছত্তার আকন, মন্টু ও মামুনকে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে সেখানে আবুল হোসেন মারা যান।
