বাস থামিয়ে হেলপারকে পিটিয়ে হত্যা
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়কে ব্যারিকেড দিয়ে বাস থামিয়ে চালকের সহকারীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
চৌদ্দগ্রাম থানার ওসি এম ফরহাদ জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার চিওড়া এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মো. আজহারুল ইসলাম বিশাল পরিবহনের চালকের সহকারী ছিলেন।তিনি ময়মনসিংহের বারেরা এলাকার মো. মকবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে বলে জানান চৌদ্দগ্রাম থানার এসআই মাহফুজ আহমেদ।
ওসি ফরহাদ বলেন, “আজহারুলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মারধরে ফলে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি।”
বাস চালক সোহাগ বলেন, “গত সপ্তাহে চিওরা এলাকার সবুজ নামের এক যুবক বিশাল পরিবহনের বাসে করে চৌদ্দগ্রাম আসে। এ সময় ভাড়া নিয়ে আজহারুলের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
“এর জেরে বুধবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম থেকে ফেরার সময় সড়কে ব্যারিকেড দিয়ে বাস থামায় সবুজ ও তার সহযোগীরা। পরে আজহারুলকে মারধর করে।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এসআই মাহফুজ বলেন, আজহারুল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে।থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
