বেতনের দাবিতে শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে সোলার সিরামিক লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা চার ঘণ্টা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখিয়েছেন।
শ্রীপুর উপজেলার কেওয়া নতুন বাজার এলাকার ওই কারখানার শ্রমিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বেতন চাইতে গেলে কারখানার ফ্লোর ইনচার্জ ও উৎপাদন ব্যবস্থাপক তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে তারা কাজ বন্ধ করে দেন।
আবুল কালাম নামে এক শ্রমিক জানান, সরকারি ঘোষণার পরও ঈদের আগে শুধু বোনাস দিয়ে ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
“এরপর ৭ অক্টোবর সেপ্টেম্বর মাসের বেতন দেয়ার কথা থাকলেও সেদিন বেতন দেয়নি কর্তৃপক্ষ।”
এরপরই শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে কারখানার বাইরে বিক্ষোভ শুরু করেন। দুপুরের দিকে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে কারখানা কর্তৃপক্ষ।
পরে ২৫ তারিখের মধ্যে সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা আবার কাজে যোগ দেন বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন।
