২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের তিন জেলায় দুর্ঘটনায় নিহত ৫

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 02:08 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

রাজশাহীর গোদাগাড়ী ও দিনাজপুরে বাহনে বাহনে সংঘর্ষে দুইজন করে এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক্টরচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদ খান জানান, ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ফরিদপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভটভটি চালক আনারুল ইসলাম (৩৫) ও আরোহী দেলোয়ার হোসেন (৪০)। দুজনের বাড়ি জেলা সদর উপজেলার চরঅনুপনগর গ্রামে। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা থেকে আসা কেয়া পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষে ভটভটিটি রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”

আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাকিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সকাল সাড়ে ৯টার দিকে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় বাদল প্রামানিক (৪৫) নামে, এক পথচারী নিহত হন বলে নাচোল থানার ওসি ফাসির উদ্দিন জানান।

নিহত বাদলের বাড়ি উপজেলার ভেরেন্ডি সাহারপুকুর গ্রামে।

“সোনাইচণ্ডি হাফেজিয়া মাদ্রাসার সামনে নাচোল-নওগাঁ সড়কে ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়,” বলেন ওসি ফাসির।

এদিকে সকাল ১১টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের গোপালগঞ্জ এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভটভটি আরোহী দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

নিহতরা হলেন- বাবু (৩৫) ও আবদুস সাত্তার (৬৫)।

কোতোয়ালি থানার ওসি এসএম খালেকুজ্জামান জানান, গরুবোঝাই ভটভটি সদর উপজেলার রানীগঞ্জ থেকে শহরের রেল বাজার হাটে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।

“দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা যায়। এছাড়া তিনটি গরুও মারা গেছে।”

আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। 

দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়কে একটি বাস ভাংচুর করে এবং কয়েকটি গাড়িতে ঢিল ছুঁড়তে শুরু করলে প্রায় দেড় ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।