সাংবাদিক নিজাম উদ্দিন আর নেই
সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ আর নেই। মঙ্গলবার গভীর রাতে কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।
সাংবাদিক নিজাম উদ্দিনের ছোট ছেলে সাব্বির আহমেদ শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা কানাডার টরন্টোতে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”
৬৮ বছর বয়সী প্রয়াত এই সাংবাদিক ক্যান্সারে ভুগছিলেন। স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন তিনি।
নিজাম উদ্দিনকে টরন্টোতেই দাফন করা হবে বলে জানিয়েছেন শুভ।
নোয়াখালীর কোম্পানিগঞ্জে ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন নিজাম উদ্দিন আহমেদ।
১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তার ডিগ্রি লাভের পর নিজাম উদ্দিন তৎকালীন ইংরেজি দৈনিক ‘মনিং নিউজ’ এ কর্মজীবন শুরু করেন।
এরপর তিনি দীর্ঘ দুই দশকের বেশি সময় বাংলাদেশ অবজারভারের চিফ রিপোর্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি তৎকালীন পাকিস্তানের ‘ডেইলি পিপল’ পত্রিকায়ও কাজ করেন।
সবশেষ নিজাম উদ্দিন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কনসালটেন্ট এডিটর ছিলেন।
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নিজাম উদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও দীর্ঘদিনের সহকর্মী ইকবাল সোবহান চৌধুরী শোক প্রকাশ করেছেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদও তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
