২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রীরা রিয়াদে আটকে থাকলেন ৫ ঘণ্টা

যান্ত্রিক ত্রুটির কারণে সৌদি আরবের রিয়াদে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে ছিল রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 03:02 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

বিমানের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “কারিগরি ত্রুটির কারণে ফ্লাইট বিজি-০৪০ রিয়াদ থেকে মঙ্গলবার সন্ধ্যার নির্ধারিত সময়ে আসতে পারেনি। ত্রুটি সারিয়ে বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে বিমানটি ঢাকা পৌঁছায়।”

বিমানের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই ফ্লাইটের ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল।

“উড্ডয়নের কয়েক মিনিট আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর যাত্রীদের বিমানের ভেতরে বসিয়ে রেখে যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা করা হলেও তাতে কাজ না হওয়ায় এক পর্যায়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।”

পরে ত্রুটি সারিয়ে স্থানীয় সময় রাত ১১টা ৫৫ মিনিটে ওই ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বলে জানান এই কর্মকর্তা।