২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে স্বর্ণ, মোবাইল, সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাইফেরত দুই যাত্রীর কাছ থেকে ২০ লাখ টাকার সোনা, ৪২টি মোবাইল সেট ও ২০ কার্টন সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 02:08 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

ইয়াছির আরাফাত ও মো. জয়নাল নামের ওই দুই যাত্রী বুধবার সকালে ‘ফ্লাই দুবাই' এর একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান বলে শুল্ক গোয়ন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণয় চাকমা জানান।

এদের মধ্যে আরাফাতের বাড়ি চট্টগ্রামের লোহাগড়ায়; জয়নালের বাড়ি হাটহাজারি উপজেলায়। তাদের পাসপোর্ট জব্দ করে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রণয় চাকমা জানান, জব্দ করা ৪৬০ গ্রাম সোনার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল সেট ও সিগারেটের দাম প্রায় ছয় লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোনাগুলো টুকরো করে আরাফাতের হাতঘড়ি, কোমরের বেল্ট ও হাতব্যাগে লুকিয়ে রাখা ছিল।

গতিবিধি ‘সন্দেহজনক’ মনে হওয়ায় তাকে তল্লাশি করে সোনার পাশাপাশি মোবাইল সেট ও সিগারেট পাওয়া যায়। আরেক যাত্রী জয়নালের কাছ থেকেও মোবাইল ও সিগারেট উদ্ধার করা হয়।