ইজারা নেওয়া জলাশয়ে মাছ ধরার চেষ্টা, আটক ২৩
মাগুরায় শালিখায় চাষীদের ইজারা নেওয়া রতার বিল ও বাটুরি খাল দখলে নিয়ে মাছ ধরার সময় ২৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে সদর উপজেলার মঘি ও রাঘদাইড় ইউনিয়ন সংশ্লিষ্ট কয়েক গ্রামের মানুষ উপজেলার দীঘলগ্রামের রতার বিল ও সংশ্লিষ্ট বাটুরি খালে মাছ ধরার চেষ্টা করে।
খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানিয়েছেন।
এসময় ঘটনাস্থল থেকে ৩০টি মাছ ধরার পলো জব্দ করা হয়।
মাছচাষীরা জানান, সরকারি নিয়ম মেনেই তারা রতার বিল ও বাটুলি খালে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন।
বুধবার সদরের দুটি ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দা বিল ও খালে মাছ ধরতে এলে তারা পুলিশে খবর দেন।
“শালিখা থানা ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে মানুষজন পালাতে থাকে। সে সময় ২৩ জনকে আটক করা হয়,” বলেন পুলিশ কর্মকর্তা তারিকুল।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
