২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৫ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা  

দশ দিন আগে বাড়ি থেকে তুলে নিয়ে এনামুল হোসেনকে হত্যার অভিযোগে যশোর সদর থানার পাঁচ পুলিশ সদস্যসহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 08:39 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

আসামিরা হলেন- ইছালি ফাঁড়ির ইনচার্জ এসআই তপন কুমার বিশ্বাস, এএসআই রাসেল, কনস্টেবল ইব্রাহিম, শহীদ এবং খাজুরা ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুর রহমান ও পুলিশের সোর্স অরুণ।

মঙ্গলবার যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ইব্রাহিমের আদালতে হত্যা মামলা করেন সদরের ইছালি গ্রামের নিহতের স্ত্রী শিউলি বেগম।

বিচারক মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

মামলায় বলা হয়েছে, গত ৯ অক্টোবর রাত পৌনে ৩টার দিকে আসামিরা এনামুলকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পর দিন সকালে ঝিনাইদহের বারোবাজার রেললাইন এলাকায় তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।

‘আসামিরা তাকে হত্যার পর সেখানে ফেলে রেখে চলে যায় বলে’ মামলায় অভিযোগ করা হয়েছে।