২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 06:47 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

মঙ্গলবার বিকালে প্রথমে তিনি ঢাকেশ্বরী মন্দিরে যান; পরে পরিদর্শন করেন রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ।

ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, “আপনারা এ মাটিতে জন্ম নিয়েছেন। আপনারা এ মাটির সন্তান। আপনারা এ মাটিতে বসবাস করেন।

“ধর্মবর্ণ নির্বিশেষে সকলে বুকের রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনেছেন। সে রকম আত্মবিশ্বাস নিয়েই বসবাস করবেন।” 

ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল ছিটিয়ে বরণ করে নেন শিশুরা।

রামকৃষ্ণ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Image
ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল ছিটিয়ে বরণ করে নেয় শিশুরা।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল ছিটিয়ে বরণ করে নেয় শিশুরা।

Image
রামকৃষ্ণ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রামকৃষ্ণ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন তিনি। সেখানে বক্তব্যের শুরুতেই হিন্দু ধর্মের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

তিনি বলেন, “আমি এখানে আসতে পেরে খুশি। আমি প্রতিবছরই আসি। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে।”

দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় পূজা কমিটি।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম নিরপেক্ষতা মানে সকল ধর্মের সমান অধিকার।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা সকল ধর্মের অধিকার সংবিধানে নিশ্চিত করেছি।”

দেশে সব ধর্মের মানুষ শান্তিতে থাকুক এ প্রত্যাশা করে শেখ হাসিনা বলেন, “মানবতার জয় হোক এটাই আমাদের কামনা।”

তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার- বাংলাদেশে সেই পরিবেশ বিরাজ করছে।”

Image
দুর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় পূজা কমিটি।

দুর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় পূজা কমিটি।

সকল ধর্মেই মানবতা ও সৌহার্দের কথা বলা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “শান্তিপূর্ণভাবে উৎসব পালিত হবে, সেটাই আমার লক্ষ্য।”

“হানাহানি-কাটাকাঠি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের স্থান কোনো ধর্মেই নেই।”

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যথাযথ পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “স্থানীয় জনগণকে অনুরোধ, সকলে যেন ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। উৎসবে শামিল হতে পারে।”

আগামী ২৪ অক্টোবর মুসলমানদের আশুরাও যেন শান্তিপূর্ণভাবে পালিত হয়, সে আশাও প্রকাশ করেন শেখ হাসিনা।

ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পৌছাঁলে সেখানে তাকে স্বাগত জানান, মহানগর সার্বজনিন পূজা কমিটির সভাপতি জে এন ভৌমিক।

ঢাকেশ্বরী মন্দিরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেণ শিকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দে এবং মহানগর সার্বজনিন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মণি।

রামকৃষ্ণ মিশনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেখানকার অধ্যক্ষ স্বামী ধ্রুবেষানন্দ।