নারীর ক্ষমতায়ন: ‘বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে অন্যরা’
নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাসে বাংলাদেশের অভিজ্ঞতা বিভিন্ন দেশে কাজে লাগাতে পারে বলে মন্তব্য করেছে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের একটি প্রতিনিধি দল।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ওই প্রতিনিধি দল সংসদ ভবনে দেখা করেন।
ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কমনওয়েলথ সেক্রেটারিয়েটের কনসালটেন্ট ড্যানিয়েলা ডি ভিটো। টিম লিডার এভলিন অগওয়ালও এসময় সঙ্গে ছিলেন।
সাক্ষাতের সময় স্পিকার বলেন, “বাংলাদেশে মাতৃমৃত্যুর হার হ্রাস, শিশু স্বাস্থ্য রক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে এবং উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে।”
শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয় বরং অর্থনৈতিক ক্ষেত্রেও বাংলাদেশে নারীর ক্ষমতায়ন প্রশংসার দাবিদার, বলেন তিনি।
নারীদের উন্নয়ন, জেন্ডার সমতা, নারীদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাসে সরকারি পদক্ষেপগুলোও তুলে ধরেন স্পিকার।
প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বাল্য বিয়ে রোধ, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও জেন্ডার সমতায় বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক।
তারা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন দেশ নারীর ক্ষমতায়নসহ শিশু মৃত্যুহার হ্রাস, মাতৃমৃত্যু হার হ্রাস, জেন্ডার সমতা প্রভৃতি বিষয়ে আরও এগিয়ে যেতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
