২৪ ডিসেম্বর ঢাকায় প্রাথমিক শিক্ষকদের সমাবেশ
অষ্টম বেতন কাঠামোতে একাদশ গ্রেডে বেতনসহ ছয় দফা দাবিতে আগামী ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
এর আগে ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়েও শিক্ষক সমাবেশের কর্মসূচি রয়েছে তাদের।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন চারটি শিক্ষক সংগঠনের জোট ‘প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশন’র নেতা আবদুল বাতেন।
এর আগে ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা করে কর্মবিরতির ঘোষণা দিয়েও দাবি পূরণে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর ‘আশ্বাসে’ একদিন আগেই কর্মসূচি স্থগিত করেছিলেন আন্দোলনকারীরা।
এছাড়া ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি এবং ১৫ অক্টোবর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনের কর্মসূচি ছিল তাদের।
নতুন করে কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে ফেডারেশনভূক্ত সংগঠন ‘প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ’র সভাপতি শাহিনুর আল আমিন বলেন, “আমরা দাবি আদায়ের বিষয়ে আশাবাদী। তবে ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়টি মাথায় রেখে আমরা কর্মসূচি পালন করব।
“তাই প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষে এই কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা চাই, এ সময়ের মধ্যে বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আমাদের বিষয়টি সমাধান করুক।”
লিখিত বক্তব্যে ‘প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক আবদুল বাতেন বলেন, “প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা থাকলেও তার প্রতিফলন ঘোষিত বেতন স্কেলে নেই।
“অষ্টম বেতন স্কেলে আমরা হতাশার সঙ্গে লক্ষ্য করলাম বেতন ব্যবধান পূর্বের মতো তিন ধাপই রাখা হয়েছে। ১৯৭৩ সালে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের পর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বেতনের ব্যবধান ছিল ১০ টাকা, কিন্তু বর্তমানে ব্যবধান ২৩০০ টাকা। এই বেতন কাঠামো আমাদের জন্য অমানবিক, অবমাননাকর এবং ন্যায়সংগত নয়।”
বেতন বৈষম্য দূর করার পাশাপাশি যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে মহাপরিচালক পদ পর্যন্ত শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ দেওয়া, নারী-পুরুষ নির্বিশেষে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা এবং সব প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীতিকরণের দাবিও জানিয়েছেন শিক্ষকরা।
